বাউফলে চাঁদার দাবিতে স্বাস্থ্য সহকারীকে মারধর
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগে মামলা হয়েছে। স্থানীয় হাফিজুর রহমানকে (৩২) প্রধান করে নয়জনের নামে গত মঙ্গলবার রাতে বাউফল থানায় এ মামলা হয়েছে। মারধরের শিকার ওই স্বাস্থ্য সহকারীর নাম আল আমিন সিকদার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ঝিলনা গ্রামের বাসিন্দা ও ঝিলনা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আল আমিনকে কিছুদিন যাবৎ দায়িত্ব পালনে একই গ্রামের হাফিজুর রহমানের নেতৃত্বে একদল যুবক বাধা সৃষ্টি করে আসছিল। তারা আল আমিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে একপর্যায়ে খেপে ওঠেন হাফিজুর। চলতি মাসের ১ তারিখ সকালে ক্লিনিকে যাওয়ার পথে ঝিলনা চৌরাস্তা এলাকায় হাফিজুরের নেতৃত্বে নয়জনের একটি দল আল আমিনের পথ রোধ করে মারধর করে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
আল আমিন অভিযোগ করেন, হাফিজুরের ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কাজের সঙ্গে এ বাহিনী জড়িত। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে চায় না। তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হাফিজুর লোকজন নিয়ে তাঁকেও মারধর করেন।
তবে অভিযোগ অস্বীকার করে হাফিজুর রহমান বলেন, তাঁর কোনো সন্ত্রাসী বাহিনী নেই। কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত না।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘এ মামলা ছাড়াও হাফিজুরের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ নানা অভিযোগে মামলা রয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’