বাউফলে জেলেদের সংঘর্ষ, নিখোঁজ ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বৈঠার আঘাতে নদীতে পড়ে গিয়ে সমীর (৩৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে লোহালিয়া নদীর কারখানা ও বাকেরগঞ্জের কবাই এলাকার জেলেদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে সবুজ (৩৮) নামের এক জেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বৈঠার আঘাতে সমীর নদীতে পড়ে যান। বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।