বাউফলে টাকা না দিলে বই দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় কর্তৃক নির্ধারিত টাকা দিতে না পারলে শিক্ষার্থীদের বিনা মূল্যের সরকারি বই দেওয়া হচ্ছে না। পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
তবে গতকাল শনিবার বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে ভর্তি ফি, স্পোর্টস ফি, বই পরিবহন ফি বাবদ ও বিবিধ খরচের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৮৫০ টাকা আদায় করার পর বিনা মূল্যের বই দেওয়া হচ্ছে। যারা দিতে পারছে না, তাদের বই দেওয়া হচ্ছে না।
বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর দুই মেয়ে ওই বিদ্যালয়ে লেখাপড়া করছে। মাথাপিছু ২০০ টাকা করে না দেওয়ায় তাদের বই দেওয়া হয়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন বেগম।
নাম প্রকাশে অনিচ্ছুক কালাইয়া হায়াতুন্নেছা বালিকা বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, বিনা মূল্যের বই বিতরণের সময় ভর্তির নাম করে তাঁর মেয়ের কাছ থেকে ৫০০ টাকা আদায় করার পর বই দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন, ‘এক শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে অপর শ্রেণিতে উঠলে একটা বার্ষিক টাকা সব বিদ্যালয়েই নেয়। এ সময়েই (বই বিতরণ) বিদ্যালয়গুলো এই টাকা নেয়। আর এই টাকা নেওয়ার বিষয়ে সরকারের প্রজ্ঞাপন আছে।’
কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমি জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। অথচ ৮৪৫ টাকা দিয়ে ভর্তি হওয়ার পর আমাকে বই দেওয়া হয়েছে।’ একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমি গরিব ঘরের সন্তান। এরপরও আমার কাছ থেকে ৮২৫ টাকা নেওয়ার পর বই দেওয়া হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ‘প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী ভর্তি ফি, স্পোর্টস ফি, মিলাদ ফিসহ অন্যান্য বাবদ ওই টাকা আদায় করার পর শিক্ষার্থীদের বই দেওয়া হয়। যারা দিতে ব্যর্থ হয়, তাদের আপাতত বই দেওয়া হচ্ছে না।’ তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভর্তি ফি বাবদ টাকা নেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছাতেই ভর্তি হয়ে বই নিচ্ছে। তবে বই বাবদ কোনো টাকা নেওয়া হচ্ছে না।’
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘বিনা মূল্যের বই বিতরণের ক্ষেত্রে টাকা আদায় করার কোনো সুযোগ নেই। এমন ঘটনার সঙ্গে কোনো বিদ্যালয় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’