বাউফলে ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন-সংলগ্ন তেঁতুলিয়া নদীর নিমদি লঞ্চঘাট এলাকায় গত সোমবার রাতে নোঙর করা রড ও সিমেন্টবাহী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা টাকা ও একটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়।
ট্রলারে থাকা নিমাই বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি বলেন, সোমবার দুপুরে ভোলার লালমোহন থেকে রড ও সিমেন্ট বোঝাই করে ট্রলারটি বাউফলের রাজাপুরের উদ্দেশে রওনা দেয়।
নিমদি লঞ্চঘাট এলাকায় পৌঁছালে রাত হয়ে যায়। এ কারণে ওই ঘাট এলাকায় ট্রলারটি নোঙর করে রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলারে করে অস্ত্রসহ পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল নোঙর করে রাখা ট্রলারে হামলা চালায়। ডাকাতেরা অস্ত্রের মুখে ট্রলারের লোকজনকে জিম্মি করে ২৯ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’