বাউফলে ট্রলারে হামলা, হিজলায় জেলে-পুলিশ সংঘর্ষ
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের টহলরত ট্রলারে গত শুক্রবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ওই হামলায় দুজন আহত হয়েছেন।
একই দিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার সময় বরিশালের হিজলায় জেলেদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাটের পশ্চিম পাশে মাছ ধরার খবর পেয়ে তাঁরা শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালান। ওই সময় তাঁরা কয়েকটি নৌকার জাল জব্দ করেন। রাত সোয়া নয়টার দিকে তাঁরা অন্য একটি নৌকার জাল জব্দ করার সময় জেলেরা তাঁদের ওপর অতর্কিতে হামলা চালান। একপর্যায়ে জেলেরা তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সঙ্গে সঙ্গে তিনি ও মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকসহ অন্যরা ট্রলারের পাটাতনের নিচে আশ্রয় নেন। কিন্তু জেলেদের ওই হামলায় ট্রলারের চালক আবদুর রহিম (৫৫) ও তাঁর ছেলে লিমন (২৫) গুরুতর আহত হন। এ সময় ট্রলারের ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। পরে ট্রলারটি স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে চরওয়াডেল এলাকায় পৌঁছায়। খবর পেয়ে অন্য একটি ট্রলার নিয়ে পুলিশ গিয়ে রাত তিনটার দিকে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। আহত রহিম ও লিমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হিজলা থানার ওসি গোলাম সরোয়ার জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মেঘনার চরআবুপুর এলাকায় ট্রলারে ইলিশ শিকার করতে দেখে ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়ায় ট্রলারগুলো জাল ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশ চারটি ট্রলার ও সাড়ে পাঁচ হাজার মিটার জাল জব্দ করে। জাল নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শতাধিক মানুষ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
একই দিন রাতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে মা ইলিশ ধরার দায়ে নয় জেলেকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।