বাউফলে তরুণকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারের পাশে মুঠোফোনে ডেকে নিয়ে গত সোমবার রাতে এক তরুণকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় রাতেই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তরুণের নাম ডালিম হাওলাদার (২২)। তিনি সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি বাড়ির সামনের একটি করাতকলে শ্রমিকের কাজ করেন। ডালিমের ছোট ভাই মো. বাদল বলেন, ‘ভাই অসুস্থ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। এ কারণে এই মুহূর্তে কুপিয়ে জখম করার কারণ বলা সম্ভব হচ্ছে না।’
স্থানীয় লোকজন ও ডালিমের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে পূর্বপরিচিত কনকদিয়া গ্রামের মো. জিসান (২২) ডালিমের মুঠোফোনে ফোন করেন। ডালিমকে কনকদিয়া বাজারের পশ্চিম পাশে সোহরাব মিয়ার বাড়ির কাছে যেতে বলেন জিসান। সেখানে জিসানের নেতৃত্বে আরও চার তরুণ ডালিমকে আক্রমণ করেন। তাঁরা কুপিয়ে ডালিমের ডান কানের মাঝখান এবং ঘাড়ের ওপরের অংশে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন ডালিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে রাতেই তাঁকে বরিশালে নেওয়া হয়।
ঘটনার পর আত্মগোপনে থাকায় জিসানের সঙ্গে কথা বলা যায়নি।