বাউফলে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. রাসেল (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দিনের বেলা পেটানো এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়। রাসেলের বাড়ি উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামে।

আজ শনিবার সকালে স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলিঠামৌজ গ্রামের মো. হানিফ মোল্লার সঙ্গে একই গ্রামের শহিদুল ইসলাম খানের দীর্ঘ কয়েক বছর ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। কয়েক দিন আগে শহিদুল ওই বিরোধপূর্ণ জমিতে জোর করে একটি দোকানঘর নির্মাণ করেন। এ বিষয় নিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় আবুল কালাম সিকদারের সঙ্গে কথা বলছিলেন হানিফ। ওই সময় অদূরে থাকা শহিদুল (৪৫) ও তাঁর ছোট ভাই মো. ফিরোজের (২৫) নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল লোহার রড, শাবল ও লাঠিসোঁটা নিয়ে হানিফের ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে ছোট ভাই রাসেল এগিয়ে আসে। তখন তাঁকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। এতে জ্ঞান হারান রাসেল। খবর পেয়ে তাঁর স্ত্রী লালমোন বেগম (২২), মা আনোয়ারা বেগমসহ (৭০) স্বজনেরা এগিয়ে গেলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

পরে স্থানীয় বাসিন্দারা আহত রাসেল, হানিফ, লালমোন, আনোয়ারা, সাহিদা বেগম, আসাদুল হককে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাসেল, সাহিদা ও হানিফকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান।

রাশিদা বেগম বলেন, মারা যাওয়ার বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দফায় চার-পাঁচজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়ি আসে। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য শাসিয়ে যায়।

এ বিষয়ে জানার জন্য শহিদুল ইসলাম ও তাঁর ছোট ভাই ফিরোজকে ফোন করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়ে তাঁদের ঘর বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী বলেন, ঘটনাটি খুবই নির্মম। যারা অন্যের জমি জোর করে দখল করে রেখেছে, তারাই রাসেলকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা লাশের সঙ্গে বরিশালে। এ কারণে এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।