বাউফলে তরুণী নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের পূর্ব পাশ এলাকায় ফাহিমা আখতার হ্যাপি (২০) নামে এক তরুণীকে গত মঙ্গলবার রাতে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মো. লিটন আকন (৩৫) ও আবদুল হক শিকদার (৬৫) নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) টিপু লাল বলেন, ওই তরুণীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর মা হালিমা খাতুন (৫০) ও বড় ভাই রমজান মিয়ার (৩০) কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া লিটন হলেন ওই তরুণীর স্বামীর ভগ্নিপতি ও আবদুল হক তাঁর শ্বশুর।

তরুণীর সঙ্গে কথা বলে ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ময়মনসিংহের কোতোয়ালি থানার কালীবাড়ি সড়ক এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিনের মেয়ে ফাহিমা। ঢাকার গাজীপুরের এএসআর সোয়েটার কারখানার ফিনিশিং অপারেটরের কাজ করেন। সেই সুবাদে ওই কারখানায় কর্মরত পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভায়লা গ্রামের মো. আল আমিন শিকদারের (২২) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। চলতি মাসের ২ তারিখ তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এক দিন পর সোয়েটার কারখানায় কাজ না করার সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করার জন্য তাঁর (ফাহিমা) কাছে ১ লাখ টাকা দাবি করেন আল আমিন। তাঁর কাছে ৫০ হাজার টাকা ছিল। ওই টাকা ৫ মার্চ তিনি আল আমিনকে দেন। ওই দিনই টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে তিনি গত সোমবার বিকেলে ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়ে মঙ্গলবার সকালে পটুয়াখালী আসেন। পরে আল আমিন ও লিটন গিয়ে তাঁকে (ফাহিমা) নিয়ে ওই দিন রাতে পটুয়াখালী থেকে রওনা হয়ে বাউফলের কাশিপুর বাজারের পূর্ব পাশে লিটনের ভাড়া বাসায় রাত ১০টার দিকে পৌঁছান।

পরে রাতেই ওই তরুণীর কাছ থেকে জোরপূর্বক তালাক নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে হাত-পা বেঁধে ও মুখের মধ্যে চামচ ঢুকিয়ে মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয়েছে তাঁর সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন। বুধবার সকালে স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় গতকাল তরুণীর স্বামী আল আমিনসহ চারজনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করেন ফাহিমা।

গতকাল প্রথম আলোয় ‘স্বামীর খোঁজে এসে তরুণী নির্যাতনের শিকার, আটক ১’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।