বাউফলে তিন মাস ধরে একটি পরিবার একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারকে একঘরে করার অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের চাপে তিন মাস ধরে কোনো সামাজিক অনুষ্ঠানে ওই পরিবারের সদস্যদের দাওয়াত দেওয়া হচ্ছে না। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এ ছাড়া বাড়িতে পুরোহিত এনে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান করতে দেওয়া হয় না।

ভুক্তভোগী পরিবারটির বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে। এ পরিবারের প্রধান সুরেন চন্দ্র কির্তনী (৬৫)। স্ত্রী, তিন ছেলে, বড় ছেলের স্ত্রীসহ ১০ সদস্যের সংসার তাঁর।

উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খাজুরবাড়িয়া গ্রাম। গত শনিবার দুপুরে ওই গ্রামে গিয়ে দেখা যায়, জীর্ণ একটি টিনের ঘরের সামনের বারান্দায় বসে বাঁশের সাজি বুনছেন সুরেন চন্দ্র। বাঁশের জিনিসপত্র তৈরি ও বিক্রি করা তাঁর পেশা। তাঁর দুই ছেলে অমল চন্দ্র কির্তনী (৪০) ও কমল চন্দ্র কির্তনী (২৫) কাঠমিস্ত্রির কাজ করেন।

সুরেন চন্দ্র বলেন, প্রায় ১২ বছর আগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলের সঙ্গে তাঁর কিশোরী মেয়ের প্রেমের সম্পর্ক হয়। গোপনে তারা বিয়ে করে। তাদের পরিবারে একটি মেয়েসন্তানের জন্ম হয়। দেড় বছর পরে ওই বিয়ে ভেঙে যায়। তখন থেকেই তাঁদের পরিবারের ওপর অবিচার শুরু হয়। প্রতিবেশী লোকজন তাঁদের এড়িয়ে চলতে থাকেন। প্রায় তিন মাস আগে স্ত্রী মনিতারা কির্তনীসহ (৬০) তিন নাতনিকে নিয়ে তিনি গ্রামের দক্ষিণা শীলের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে খাবার পরিবেশনের সময় স্থানীয় প্রভাবশালী দিলীপ চন্দ্র শীলসহ আরও কয়েক ব্যক্তি তাঁদের সামনে থেকে খাবারের থালা সরিয়ে নেন এবং জোর করে বের করে দেন। এরপর থেকে অবস্থা চরমে উঠেছে। হিন্দু সম্প্রদায়ের কোনো সামাজিক অনুষ্ঠানে তাঁদের দাওয়াত দেওয়া হয় না।

কমল চন্দ্র কির্তনী বলেন, ‘আমার যে বোনকে নিয়ে এত সমস্যা, হেই বোনকে হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সঙ্গে প্রায় সাত বছর আগে বিয়ে দিয়া দিছি। হেই ঘরেও দুটি ছেলে আছে। হেইয়ার পরও আমাগো পরিবারের সঙ্গে অবিচার করা অইতেছে। নেতা ও চেয়ারম্যান-মেম্বারগো ধারে গেলে হ্যারা কয়, যেভাবে আছোছ হেইভাবে থাক।’

ঘটনার সত্যতা স্বীকার করে দিলীপ চন্দ্র শীল বলেন, ‘পরিবারটিকে দীর্ঘদিন সামাজিকভাবে একঘরে করে রাখা হয়েছে। আর তা করেছে তাঁর (সুরেন) সম্প্রদায়ের লোকজন। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এন এন জাহাঙ্গীর হোসেন বলেন, ‘একঘরে করে রাখার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেব। পরিবারটি যাতে সামাজিকভাবে সবার সঙ্গে বসবাস করতে পারে, সেই পদক্ষেপ নেওয়া হবে।’