বাউফলে দফায় দফায় সংঘর্ষ হামলা ও ভাঙচুর, আহত ৭
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ও কালাইয়া ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মো. রুমান (১৫) নামের এক কিশোরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার রাতে এবং গতকাল সোমবার সকালে পৃথক ঘটনা দুটি ঘটেছে বলে স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে।
গতকাল সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের কয়লারভাটা এলাকায় চাঁদার দাবিতে মো. বেলাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তির বসতঘরে হামলা চালানো হয়েছে।
বেলাল হোসেনের স্ত্রী সোনিয়া বেগম (৩৫) অভিযোগ করেছেন, গতকাল সকাল সাতটার দিকে স্থানীয় সুমন বাবুর্চির (২০) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল জোরপূর্বক তাঁদের ঘরে ঢুকে ঘরের আসবাব ভাঙচুর করে এবং টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। ওই সময় হামলাকারীরা তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়ের সঙ্গেও অশালীন আচরণ করে। তিনি আরও বলেন, ১৫ লাখ টাকা চাঁদা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও সুমন তাঁদের হুমকি দেন।
সুমন বাবুর্চি চাঁদা চাওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তিনি বেলাল হোসেনের কাছে টাকা পাবেন।
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় গত রোববার বিকেলে ও রাতে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল দুপুরে সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে নগরের হাট এলাকার বাসিন্দা মো. সাইদুলের (১৫) সঙ্গে একই এলাকার বাসিন্দা আলাউদ্দিন মৃধার ছেলে মো. রুমানের (১৬) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে রুমানের ওপর হামলা চালায় সাইদুল ও তার স্বজনেরা। ওই সময় নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বিশ্বাসের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।
পরে ওই দিনই রাত নয়টার দিকে সাইদুলের বড় ভাই মো. শাহিনের ঘরে হামলা চালায় রুমান ও তার স্বজনেরা। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা হয়। পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর ফের শাহিনের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে রুমানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার জন্য এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো ঘটনাতেই কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।