বাউফলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের হোলাবুনিয়া বাজার এলাকায় গতকাল শনিবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মঞ্জু খান (২৫) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোলাবুনিয়া বাজার এলাকার সানু সরদারের সঙ্গে একই এলাকার মঞ্জু খানের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল নয়টার দিকে ওই জমির মাপজোখ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। তাঁরা হলেন মঞ্জু খান, নান্নু সরদার, সানু সরদার, মাসুদ ও বাদশা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’