বাউফলে দুটি নৌকায় ডাকাতি, পাঁচ জেলেকে পিটিয়ে জখম
পটুয়াখালীর বাউফল উপজেলার চরব্যারেট এলাকায় তেঁতুলিয়া নদীতে গত সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতেরা একটি নৌকা ও একটি ট্রলারের পাঁচ জেলেকে মারধর করে নদীতে ফেলে দেয় এবং জেলেদের জাল, ট্রলারের যন্ত্র ও সৌরবিদ্যুতের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।
আহত জেলেরা হলেন জাফর বেপারি (৩৫), আবদুল মালেক মৃধা (২০), আসাদুল (১৭), সাইদুল (১৫) ও রাসেল সিকদার (২২)।
আহত জেলে রাসেল সিকদার বলেন, সোমবার রাতে তাঁরা একটি নৌকা ও একটি ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত সোয়া ১২টার দিকে একদল ডাকাত এসে তাঁদের নৌকায় থাকা দুজনকে ও অপর একটি ট্রলারে থাকা তিনজনকে আটক করে মারধর শুরু করে। এর প্রতিবাদ করলে তাঁকে (রাসেল) মারধর করে নদীতে ফেলে দেয়। পরে ডাকাতেরা তাঁদের জাল, চারটি মুঠোফোন, ১৪টি ইলিশ মাছ এবং ট্রলারের যন্ত্র ও সৌরবিদ্যুতের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’