বাউফলে দোকান-গুদামে লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দর এলাকায় গত সোমবার রাতে তালা ভেঙে ১০টি দোকান ও গুদাম থেকে টাকা ও বৈধ জাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট দোকানি ও ব্যবসায়ীরা।

আর কোস্টগার্ড কর্মকর্তাদের দাবি, দোকানগুলোয় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়েছে। কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী বলেন, সোমবার রাত দুইটার দিকে কোস্টগার্ডের ৮ থেকে ১০ জনের একটি দল প্রথমে কালিশুরী বন্দরের ব্যাংক সড়ক এলাকায় অধীর ঠাকুরের দুর্গা স্টোরের একটি গুদামের মূল ফটকের ও দোতলার গুদামকক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা একই মালিকের মসজিদ সড়ক এলাকার দোকান ও অপর একটি গুদাম, মালাকারপট্টির বাবুল মালির দোকান ও গুদাম, মসজিদ সড়কের মাসুদ সিকদার, নজরুল ইসলাম, নিরঞ্জন মাস্টার, গকুল হাওলাদারের দোকান এবং গকুল বিশ্বাসের দোকান ও গুদামের তালা ভেঙে ভেতরে ঢোকে।

ব্যবসায়ী নিরঞ্জন মাস্টার বলেন, কোস্টগার্ডের সদস্যরা দোকান থেকে ৭৫ হাজার টাকা নিয়ে গেছেন। অভিযানের সময় মিন্টু মালির দোকান ছাড়া অন্য কোনো দোকানের কর্মচারী কিংবা মালিকপক্ষের কোনো লোক ছিলেন না।

মিন্টু মালির দোকানের ম্যানেজার বাবুল মালি বলেন, কোস্টগার্ডের পরিচয় দিয়ে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী দোকানের ভেতরে ঢুকে তল্লাশি করতে থাকেন। এ সময় বাইরে আরও ১০ থেকে ১২ জন দাঁড়িয়ে ছিলেন। কোস্টগার্ডের সদস্যরা মারধর করে জোর করে তাঁর কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে মিন্টু মালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

টাকা ও বৈধ জাল নেওয়ার অভিযোগ অস্বীকার করে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা দেবায়ন চক্রবর্তী প্রথম আলোকে মুঠোফোনে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। গোপনীয়তা বজায় রাখার জন্য বিষয়টি কাউকে জানানো হয়নি। জোর করে কারও কাছ থেকে সই নেওয়া হয়নি।