বাউফলে পল্লি চিকিৎসক খুনের ঘটনায় আটক ১
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের পল্লিচিকিৎসক অশোক চন্দ্র মিস্ত্রিকে (৪০) খুন করে মাটি চাপা দিয়ে রাখার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. জাহিদ ওরফে পচু (৩৫) নামের এক যুবককে গতকাল সোমবার বিকেলে পুলিশ আটক করেছে।
পচু একই ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা মো. সেকান্দার হাওলাদারের ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ‘পচুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।’
স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, পল্লি চিকিৎসক অশোক গত ২৩ জুলাই রাত সাড়ে নয়টার দিকে বিশেষ কাজের কথা বলে ঘর থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর ছোট ভাই রিপন চন্দ্র মিস্ত্রি ২৪ জুলাই বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছয় দিন পর ২৯ জুলাই সন্ধ্যার দিকে অশোকের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কর্পূরকাঠি-শৌলা খালের পূর্ব পাশে হাঁসের চর এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় গত শনিবার রিপন চন্দ্র মিস্ত্রি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার প্রথম আলোয় ‘নিখোঁজের ছয় দিন পর পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।