বাউফলে প্রতিমা ভাঙচুর
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামে রোববার রাতে দুর্বৃত্তরা পালপাড়া সর্বজনীন পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে। এ সময় দুর্বৃত্তরা একটি চিঠি রেখে যায়। ওই চিঠিতে পূজা না করার জন্য হুমকি দেওয়া হয়।
পূজা আয়োজক কমিটির সভাপতি বরুণ পাল বলেন, প্রতিমা তৈরির শিল্পী রূপক পাল ও তাঁর সহযোগীরা প্রতিমার ছোটখাটো কিছু কাজ শেষ করে রাত ১২টার দিকে ঘুমাতে যান। সোমবার ভোরে মণ্ডপের পাশের ঘরের সমীর পাল প্রতিমা ভাঙচুরের দৃশ্য দেখতে পেয়ে তাঁকে খবর দেন।
গতকাল সোমবার সকালে উপজেলার মদনপুরা ইউনিয়নের গ্রামটির মন্দিরে গিয়ে দেখা যায়, দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছিল। তবে রঙের কাজ বাকি ছিল। মন্দিরের প্রতিমার প্রায় প্রতিটিরই কোনো না কোনো ক্ষতি করা হয়েছে। দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি চিঠি দেখান স্থানীয় ব্যক্তিরা। সেখানে পূজা না করার জন্য হুমকি দেওয়া হয়েছে।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।