বাউফলে বাড়ি বাড়ি বিক্রি হচ্ছে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে ইলিশ মাছ শিকার। জেলেদের মাঝেমধ্যে জরিমানা এবং মাছ ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেও কোনো প্রতিকার হচ্ছে না।
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের টাকাপয়সা দিয়ে একটি প্রভাবশালী মহল জেলেদের দিয়ে প্রকাশ্যে ইলিশ শিকার করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, মাঝেমধ্যে অভিযান চালিয়ে পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। তাঁদের শিকার করা ইলিশ নিয়ে যাচ্ছেন।
গত বৃহস্পতি ও শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, তেঁতুলিয়ার নিমদী, তালতলী, মমিনপুর, ধূলিয়া, বাসুদেবপাশা, চরওয়াডেল, বাদামতলী এলাকায় শত শত জেলেনৌকা ইলিশ শিকার করছে। পাহারার দায়িত্বে থাকা চৌকিদার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিষেধ করলেও আমার কথা অরা (জেলেরা) হুনছে না। আড়তদাররা অগো দিয়া জাল বাওয়ায় (ফেলায়)। আমার সামনে দিয়াই তো অরা খাল বেয়ে নদীতে আয়-যায়। থামতে কইলেও থামে না।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেছেন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মাছ ব্যবসায়ী ও একটি মহলের যোগসাজশ আছে। ওই মহলটিই জেলেদের দিয়ে প্রকাশ্যে ইলিশ নিধন করাচ্ছে। এসব ইলিশ নদীর পাড়ের বাড়িতে বাড়িতে ও ঝোপের আড়ালে ফেরি করে বিক্রি হচ্ছে। গভীর রাতে টমটম ও ট্রাকে করে বরিশালেও ইলিশ পাঠানো হয়।
নিমদী গ্রামের সেলিম ব্যাপারী নামের এক বাসিন্দা বলেন, ‘এহন আর বাজারে যাওন লাগে না। বাড়িতে বইসা কম দামে মাছ কেনা যায়। ডিমওয়ালা এক কেজি ওজনের মা ইলিশ প্রতি হালি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা হয়।’
উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীর ৪০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ইলিশ বেচাকেনা, পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়।
উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর থেকে গত শুক্রবার পর্যন্ত ১৯ জন জেলেকে আটকের পর ৯৫ হাজার টাকা জরিমানা ও নয়টি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া দেড় মণ ইলিশ জব্দ করে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৭ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ দিন-রাত পরিশ্রম করছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, প্রয়োজনীয় জনবল ও স্পিডবোটের অভাবে নদীতে যথাযথভাবে অভিযান চালানো যাচ্ছে না। ট্রলার নিয়ে অভিযান চালাতে হচ্ছে।