বাউফলে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল উপজেলায় গত সোমবার রাতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। বাধা দিতে গিয়ে হামলাকারীদের পিটুনিতে আহত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের চার নারীসহ ১১ জন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের সঞ্জীব চন্দ্র ওঝার (৩০) সঙ্গে গ্রামের আবদুস ছালাম হাওলাদারের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। আবদুস ছালাম আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ ফকির হত্যা মামলার আসামি। তাঁর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল সোমবার সন্ধ্যা সাতটার দিকে মাধবপুর বাজারে বিরোধপূর্ণ ওই জমিতে থাকা সঞ্জীব ওঝা ও তাঁর দুই ভাইয়ের ছয়টি দোকানঘর দখলের চেষ্টা চালায়। এ সময় তারা দোকানে লুটপাট ও ভাঙচুরও চালায়। বাধা দিতে গেলে তারা সঞ্জীব ওঝা, তাঁর দুই ভাই বঙ্কিম চন্দ্র ওঝা (৩৫) ও শংকর চন্দ্র ওঝা (২৩) এবং তাঁদের পক্ষের সুখ রঞ্জন (৫৫), ফারুক মোল্লা (৫০), শংকর সমাজপতি (৪০) ও পবিত্র চন্দ্র ওঝাকে (২৫) পিটিয়ে জখম করে। খবর পেয়ে সঞ্জীবের মা মঞ্জু রানীসহ (৪৭), শোলেকা রানী (২৬), দ্বিভা রানী (৪২) ও রেভা রানী (২২) ঘটনাস্থলে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করে হামলাকারীরা। মাথায় আঘাতপ্রাপ্ত বঙ্কিম ও মঞ্জু রানীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করেছেন আবদুস ছালাম। তিনি বলেন, সঞ্জীবের পরিবারের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ রয়েছে, এটা ঠিক। তবে তিনি ও তাঁর লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, এই হামলার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ এরই মধ্যে আলামিন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।