বাউফলে ভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি নীতিমালা উপেক্ষা করে পটুয়াখালীর বাউফল উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ অন্য শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি ফি, সেশন ফি ও অন্যান্য ফি বাবদ আদায় করা হচ্ছে ৭৫০ থেকে ১ হাজার ২০০ টাকা।

কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ভর্তি নীতিমালা অনুযায়ী মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি সাকল্যে ৫০০ টাকা ও উপজেলা/পৌরসভা এলাকায় ১ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। তবে সে নির্দেশনা মানা হচ্ছে না।

কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, তাঁর ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ৭৫০ টাকা দিতে হয়েছে। আরেক অভিভাবক বলেন, তাঁর মেয়েকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ৮৯০ টাকা দিতে হয়েছে। একই কথা বলেন আরও তিন অভিভাবক।

ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, সে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এ কারণে তাঁকে অতিরিক্ত ৫০০ টাকা দিয়ে নতুন শ্রেণিতে ভর্তি হতে হয়েছে।

বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক অভিভাবক জানান, তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপরও তাকে ৮১০ টাকা দিয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হতে হয়েছে।

বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, তিনি শ্রমিকের কাজ করেন। তাঁর ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করতে ১ হাজার ২০০ টাকা দিতে হয়েছে। এ ছাড়াও তাঁর কাছ থেকে স্কুল ড্রেসের ব্যাজ ও টাই বাবদ ২০০ টাকা নেওয়া হয়েছে। স্কুল ড্রেস, জুতাসহ ভর্তি হতে সব মিলিয়ে তাঁর ২ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। একজন নিম্ন আয়ের মানুষ হিসেবে তাঁকে এ টাকা দিতে দেনা করতে হয়েছে।

 একইভাবে ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে কালাইয়া হাসান ছিদ্দিক মাধ্যমিক ও কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়েও।

তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বলেন, তাঁরা সরকারি নীতিমালা অনুযায়ীই সেশন ফিসহ ভর্তি ফি আদায় করছেন। কারও কাছ থেকে জোর করে কোনো টাকা আদায় করা হচ্ছে না বলেও তাঁরা দাবি করেন।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘নীতিমালার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’