পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুস্থ নারীদের জন্য সহায়তার (ভিজিডি) চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে পরে উপজেলা প্রশাসন চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ধূলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান বস্তা থেকে চাল সরিয়ে আত্মসাৎ করেছেন।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ওই ইউপির ১৬২ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে ভিজিডির চাল বিতরণের কথা ছিল। প্রত্যেক নারী প্রতি মাসে পাবেন ৩০ কেজি চাল। গতকাল তিন মাসের চাল একত্রে তিন বস্তায় ৯০ কেজি দেওয়ার কথা ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, চাল বিতরণ তদারকের দায়িত্বে নিয়োজিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান ও ইউপি সদস্যরা। নিয়ম অনুযায়ী, সরকারি গুদাম থেকে আনা চালের বস্তার মুখ সেলাই থাকার কথা। কিন্তু বস্তার মুখ রশি দিয়ে বাঁধা ছিল। একপর্যায়ে বস্তায় চালের পরিমাণ কম থাকার অভিযোগ ওঠে। এরপর তিন বস্তা চাল ওজন দেওয়া হয়। এর মধ্যে একটি বস্তায় ২২ কেজি, আরেকটিতে ২৪ দশমিক ৮৭ কেজি এবং তৃতীয় বস্তায় ২৫ দশমিক ৪৬ কেজি চাল পাওয়া যায়। পরে ওই চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘বিতরণের সময় ওজনে বস্তায় চালের পরিমাণ অনেক কম পাওয়া যায়। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মুঠোফোনে কথা বলি এবং তাঁর নির্দেশে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল (আজ) বুধবার তাঁর (ইউএনও) উপস্থিতিতে চাল বিতরণ করা হবে।’
ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, খাদ্যগুদাম থেকে যেভাবে চাল পেয়েছেন, সেভাবেই তিনি বিতরণ করছিলেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুস ছালাম বলেন, প্রত্যেক বস্তায় ৩০ কেজি করে চাল ছিল, যা সেলাই করা। পরিমাণে কম হওয়ার কোনো সুযোগ নেই। তা ছাড়া খাদ্যগুদাম থেকে নেওয়ার সময় তিনি (ইউপি চেয়ারম্যান আনিচুর) বুঝে নিয়েছেন।