বাউফলে মন্দিরের জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি
পটুয়াখালীর বাউফল পৌরসভার দাসপাড়া এলাকায় সর্বজনীন ‘কালীমাতা ও শীতলামাতা’ মন্দিরের জমি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দখলের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় মন্দির পরিচালনা কমিটির সভাপতিসহ অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্য প্রায় ১০০ বছর আগে সরকার ১ নম্বর খাস খতিয়ান থেকে ১৮ শতাংশ জমি কালীমাতা ও শীতলামাতা মন্দিরের নামে বন্দোবস্ত দেয়। তখন থেকেই ওই মন্দিরে নিয়মিত পূজা-পার্বণ করে আসছেন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন।
কিন্তু ৮ মার্চ ওই এলাকার আবদুল মান্নান মুনশি নামের এক ব্যক্তি মন্দির দখলের চেষ্টা করেন এবং মন্দিরের জমি জোরপূর্বক দখল করে সীমানা পিলার দেন। এতে বাধা দিলে মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন কুমার সাহাসহ অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় খোকন সাহা ওই দিনই বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ রয়েছে, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ছত্রচ্ছায়ায় আবদুল মান্নান মুনশি মন্দিরের জমি দখলের পাঁয়তারা করছেন।
আবদুল মান্নান মুনশি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো মন্দিরের জমিতে সীমানা পিলার দেননি। তাঁর জমিতেই পিলার দিয়েছেন। তিনি আরও বলেন, মন্দিরের মধ্যে তাঁর ১ শতাংশ জমি রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ‘অভিযোগ পেয়েছি, যা তদন্তাধীন। অন্যায়ভাবে কেউ কারও জমি দখল করতে পারবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’