বাউফলে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়ম?
পটুয়াখালীর বাউফল উপজেলায় মাতৃত্বকালীন ভাতা বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অসহায় ও দুস্থ নারীদের এ সহায়তা দেওয়ার কথা। কিন্তু ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে সচ্ছল, এমনকি অবিবাহিত নারীদের নাম ও ছবি এবং তাদের অন্তঃসত্ত্বা হওয়ার জাল সনদ ব্যবহার করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একজন দুস্থ অন্তঃসত্ত্বা নারী প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পান। সন্তান প্রসবের পরও তিনি এ ভাতা পান। দুই বছরে মোট ১২ হাজার টাকা মাতৃত্বকালীন আর্থিক সুবিধা পাবেন। ২০১৪ ও ২০১৫ অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৪৩২ জন নারীকে ৫১ লাখ ৮৪ হাজার টাকার সুবিধা দেওয়ার কথা। ২০১৪ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগী নারীদের তালিকা তৈরি করা হয়।
নিয়মানুযায়ী, এসব নারীর নামের তালিকা ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত থাকার কথা। এ ছাড়া সুবিধাভোগী নারীদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক অথবা উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার সনদ থাকতে হবে।
নাজিরপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের হোসনে আরা বেগম নামের এক নারী মাতৃত্বকালীন ভাতার তালিকায় রয়েছেন। তাঁর স্বামীর নাম উল্লেখ রয়েছে মৌজে আলী খান। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ওয়ার্ডের নিজতাতেরকাঠি গ্রামে মৌজে আলী খান (৬৫) নামের এক ব্যক্তি আছেন। তাঁর মেয়ের নাম হোসনে আরা (২৯)। হোসনে আরার বিয়ে হয়েছে যশোরের মো. টিটু নামে এক যুবকের সঙ্গে। তিনি প্রবাসী।
হোসনে আরার বাবা মৌজে আলী খান বলেন, তাঁর মেয়ে মাতৃত্বকালীন কোনো ভাতা পান না। তালিকায় নাম থাকার বিষয়ে তাঁর কিছু জানা নেই।
দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য তাহমিনা বেগমের মেয়ে সানজিদা খাতুনের নাম রয়েছে এই তালিকায়। তাঁদের পরিবার সচ্ছল। যদিও সানজিদা নিজেকে অসচ্ছল পরিবারের বলে দাবি করেন।
চন্দ্রদ্বীপ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক চৌকিদার। তিনি সচ্ছল। অথচ তাঁর স্ত্রী নুরনাহার বেগমের নাম রয়েছে মাতৃত্বকালীন ভাতার তালিকায়। একই ইউপির গ্রামপুলিশ হানিফ মাঝিও সচ্ছল। তাঁর স্ত্রী মালা বেগমের নাম আছে তালিকায়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তালিকা অনুযায়ী উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাতৃত্বকালীন ভাতার আওতায় ১০ জন সুবিধাভোগী নারীর নাম রয়েছে। সরেজমিনে ১০ জনের মধ্যে একজনের নামও ওই সময়ের (২০১৪ সালের অক্টোবর-নভেম্বর) ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের অন্তঃসত্ত্বা নারীদের নিবন্ধন তালিকায় পাওয়া যায়নি। আর ওই ১০ জনের মধ্যে মাত্র দুজনের পরিচয় পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে এ ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য রেক্সেনা বেগম বলেন, সব অন্তঃসত্ত্বা নারীর নাম ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের তালিকায় থাকে না।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘প্রত্যেক ইউনিয়নে নিয়মিত অন্তঃসত্ত্বা নারীদের নামের তালিকা তৈরি করা হয়। এখানে কোনো অন্তঃসত্ত্বা নারীর নাম বাদ পড়ার সুযোগ নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি ইউপির বেশ কয়েকজন নারী অভিযোগ করেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও অফিস সহকারীর সঙ্গে রফা করে ভুয়া নাম-ঠিকানা দিয়ে অবিবাহিত নারীদের ছবি ব্যবহার করে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মাতৃত্বকালীন ভাতা আত্মসাৎ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। অভিযোগ অস্বীকার করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সঠিক নিয়মেই মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হচ্ছে। অফিস সহকারী কামরুজ্জামান বলেন, ‘কোনো অনিয়মের সঙ্গে আমি জড়িত না।’
মাতৃত্বকালীন ভাতা প্রদান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।