বাউফলে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার গোয়ালিয়াবাঘা গ্রামে মুক্তিযোদ্ধা মো. মোয়াজ্জেম হোসেনের বাড়িতে গত শনিবার রাতে হামলা, ভাঙচুর ও দুই নারীকে মারধর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় একটি মাদ্রাসার পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা করাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, গুলবাগ সিনিয়র আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন। তাঁকে বাদ দিয়ে গত ১৫ আগস্ট সভাপতি নির্বাচিত হন সূর্য্যমণি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। এ ঘটনাটি স্বাভাবিকভাবে মেনে নেননি মোয়াজ্জেম হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন। তিনি জালিয়াতির অভিযোগ এনে ওই কমিটির বিরুদ্ধে ২১ অক্টোবর পটুয়াখালী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কেন ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হবে না—মর্মে নোটিশ পাওয়ার চার দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য সভাপতিসহ ওই কমিটির সদস্যদের নির্দেশ দেন। গত শনিবার দুপুরে আদালতের ওই নোটিশ পেয়ে ক্ষুব্ধ হন আনোয়ার।
শাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, তাঁর বাবার স্বাক্ষর জাল করে চেয়ারম্যান আনোয়ার সভাপতি হয়েছেন। এ ঘটনায় তিনি মামলা করলে শনিবার রাতে আনোয়ারের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রধারী তাঁদের বাড়িতে হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ঘরে থাকা দুই নারীকে মারধর করেছে। আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।