বাউফলে যুবককে কুপিয়ে হত্যা আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে গতকাল শনিবার ফিরোজ হাওলাদার নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় রিপন (১৮) ও খলিল (২৮) নামের দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গত বুধবার রাতে গ্রামের একটি বাড়িতে ওরস হয়। সেখানে ফিরোজ হাওলাদারের সঙ্গে একই গ্রামের রিপন ও ফিরোজ মুন্সির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল নয়টার দিকে ফিরোজকে বাড়ি থেকে ডেকে নিয়ে রিপন ও খলিল দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাঁর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এলোপাতাড়ি কোপের একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পরে পালানোর
সময় লোকজন রিপন ও খলিলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ফিরোজ হাওলাদারের স্ত্রী নুর ছাহেদা (২৫) বলেন, ‘আমার সামনে থেকে ডেকে এনে আমার চোখের সামনেই আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই দৃশ্য আমি ভুলতে পারছি না। আমি এ হত্যার বিচার চাই।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।