বাউফলে যুবদল কর্মীকে ছাত্রলীগ কর্মীর পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে এক যুবদল কর্মীকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদল কর্মী মো. তোফায়েল আহম্মেদের (৪৫) উপজেলার বগা এলাকায়। গতকাল দুপুরে তিনি বগা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলা একটার দিকে স্থানীয় একটি কলেজের সামনে পৌঁছালে বগা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. সিজার হাওলাদারের (২৫) নেতৃত্বে আট-দশজনের একটি দল তোফায়েলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ও পিটিয়ে আহত করে। খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তোফায়েলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তোফায়েল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কিছুদিন আগে সিজার তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসী নিয়ে তাঁর ওপর এ হামলা চালানো হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে সিজার বলেন, তিনি কিংবা তাঁর কোনো অনুসারী এ ঘটনায় জড়িত নন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আখতার-উজ-জামান বলেন, তাঁর (তোফায়েল) চোখে ও ডান হাতে জখমের দাগ রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।