পটুয়াখালীর বাউফল পৌরসভা যুবলীগের এক নেতাকে গতকাল রোববার বিকেলে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এর আগে যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের এক নেতার বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাউফল পৌরসভা যুবলীগের সভাপতি মো. মামুন খানকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল বিকেল পৌনে চারটার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় এ ঘটনা ঘটে। এর জেরে গতকাল সন্ধ্যায় পৌরসভা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাঈদুল ইসলামের বাসভবনে ও যুবলীগের কর্মী জুলহাসের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতাদের সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জুন দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে হামলা হয়। নওমালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক লীগের বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক (একাংশের) মো. শাহজাদা হাওলাদারকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। এতে যুবলীগের নেতা মামুন খানকে আসামি করা হয়। মামুন ওই মামলায় গতকাল পটুয়াখালী আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে অনুসারীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বিকেল পৌনে চারটার দিকে নওমালা নগরের হাট এলাকায় পৌঁছান। সেখানে তাঁদের ওপর প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা হামলা করেন। এ সময় গুরুতর আহত মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
মামুন খানের স্বজনেরা অভিযোগ করেছেন, নওমালা ইউপির চেয়ারম্যান শাহজাদার ক্যাডার বাহিনী পরিকল্পিতভাবে মামুনের ওপর এ হামলা চালিয়েছে। তাঁরা এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন।
তবে শ্রমিক লীগের নেতা ও নওমালা ইউপির চেয়ারম্যান শাহাজাদা হাওলাদার বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। মারামারির কথা শুনেছি।’
বাউফল থানার ওসি আজম খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের ঝিকরগাছা বাজারের বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। বেলা একটার দিকে বাড়িটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। কয়েকটি গুলিবর্ষণ করা হয়। তবে এতে কেউ আহত হয়নি।
মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজারে ওই দোতলা বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলেমেয়ে এবং কয়েকজন দলীয় কর্মী ছিলেন। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত তাঁর প্রতিপক্ষের অন্তত ৫০ জনের একটি দল ওই বাড়ি লক্ষ্য করে তিন দফা বোমা হামলা করে। শটগানের পাঁচটি গুলি করে। তাঁর বাড়ির দেয়ালে গুলি লেগেছে। তবে এতে কেউ আহত হননি। তা ছাড়া তিনি তখন বাড়িতে ছিলেন না। তিনি বলেন, ‘এলাকায় আমার জনসমর্থন বেশি। এ কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে দমন করতে চাইছে। এ জন্য তারা আমার বাড়ি লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। আমি মামলা করব।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘রাজনৈতিক কোন্দলের কারণে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে। বোমা নয়, ওই নেতার বাড়ি লক্ষ্য করে পাঁচ/ছয়টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। গুলি করার কোনো খবর আমরা পাইনি। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’