বাউফলে শিক্ষককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইপুর কলেজের গণিত বিভাগের সাইদুর রহমান ওরফে জুয়েল নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা সদরের বাউফল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে শিক্ষক জুয়েল তাঁর ওপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন। উপজেলার ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনির হোসেন হাওলাদার ও তাঁর লোকজন গত শুক্রবার এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত কয়েক দিন আগে হোসনাবাদ গ্রামে তাঁর খালা কহিনুর বেগমকে মারধর করেন ইউপি সদস্য মনির হোসেন। শুক্রবার বিকেলে তিনি তাঁর খালাকে দেখতে যান। ফেরার পথে মনির হোসেনের সঙ্গে দেখা হলে খালাকে মারধরের বিষয়টি জিজ্ঞেস করেন। এতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনির হোসেন ও তাঁর লোকজন তাঁকে (জুয়েল) আটক করে। লাঠি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে পেটানো হয়, প্যান্ট খুলে বাম পায়ের হাঁটুর ওপরের অংশের মাংসে গাছের ডাল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। তাঁর চিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। সংবাদ সম্মেলনে জুয়েল তাঁর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন সাংবাদিকদের দেখান। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ইউপি সদস্য মনির হাওলাদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর চাচাতো ভাই মো. আলমাস হাওলাদার বলেন,‘মনিরকে গালিগালাজ করতে ছিল জুয়েল। তখন স্থানীয় লোকজন জুয়েলকে ধাওয়া দিলে সে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছে। তাঁকে কেউ মারেনি।’