পটুয়াখালীর বাউফল উপজেলায় এক স্কুলশিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন-সংলগ্ন কারখানা নদীর আপালকাঠি ডুবোচর থেকে স্কুলশিক্ষক মো. আবদুল লতিফের (৫৫) লাশ উদ্ধার করা হয়।
আবদুল লতিফের বাড়ি পশ্চিম কাছিপাড়া গ্রামে। তিনি পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত পৌনে ১২টার দিকে আবদুল লতিফ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন।
এরপর আর ফেরেননি। গতকাল বেলা দুইটার দিকে কারখানা নদীর আপালকাঠি এলাকার ডুবোচর থেকে তাঁর হাত-পা বাঁধা এবং কোমরের সঙ্গে রশি দিয়ে কলসি বাঁধা লাশ উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে সে এলাকা বাকেরগঞ্জ থানার আওতাধীন। এ কারণে পরবর্তী পদক্ষেপ বাকেরগঞ্জ থানা-পুলিশ নেবে।
এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের ইছামতী নদী থেকে গতকাল সকালে আমেনা খাতুন (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। আমেনা খাতুন উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওমর আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ আমেনার শাশুড়ি আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে।
আমেনার বাবা কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস গাজী বলেন, তিন মাস আগে তাঁর মেয়ে আমেনার বিয়ে হয়।
বিয়ের পর প্রায়ই ওমর আলী যৌতুকের দাবিতে আমেনার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। গত শনিবার আমেনা শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তিনি (আব্বাস) কলারোয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন আমেনাকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ নদীতে ভাসিয়ে দেন।
জানতে চাইলে কলারোয়া থানার ওসি ইমদাদুল হক শেখ বলেন, ময়নাতদন্তের জন্য গৃহবধূ আমেনার মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।