বাউফলে শ্রমিক-গ্রামবাসী সংঘর্ষে আহত ৫০ জন
পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল রোববার একদল শ্রমিকের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পল্লী বিদ্যুতের সংযোগ স্থাপনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় গতকাল দুপুরে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিদ্যুৎ প্রবাহর ১৩ জন শ্রমিক। তাঁদের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর ও পঞ্চগড়ের বোদা উপজেলায়। স্থানীয় দাসপাড়া গ্রামেরবিদ্যুতের সুবিধাবঞ্চিত এক ব্যক্তি বেলা একটার দিকে ঘটনাস্থলে যান। তিনি খুঁটি বসাতে বাধা দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকেরা তাঁকে কিলঘুষি মারেন। বিষয়টি জানাজানি হলে গ্রামের নারী-পুরুষেরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আহত ১৬ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন এলাকাবাসী আবদুস ছালাম (২৮), সেলিনা বেগম (৪৫), মিলন (২৮) ও হাসিনা (২৬) এবং শ্রমিক মো. রাব্বানী (৩৬), মহিদুল (৩০), শাহজাহান (২২), রাশেদ (২৩), শাখাওয়াত (২২), সুজন (২৬), মো. হাসু (১৮), মো. সোহাগ (২০), নুর হোসেন (২২), ফিরোজ (২১), মিঠুন (২১) ও খলিল (৪০)।
স্থানীয় বাসিন্দা মো. আক্কেল আলী বলেন, শ্রমিকেরা লোহার রড দিয়ে এলাকার নারী-পুরুষদের এলোপাতাড়িভাবে পিটিয়েছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিদ্যুৎ প্রবাহর মালিক মো. আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসী অন্যায়ভাবে তাঁর শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে আহত করেছেন। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন।
এদিকে সংঘর্ষের ঘটনার পর পুলিশের ভয়ে এলাকার পুরুষেরা গা ঢাকা দিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।