বাউফলে সন্ত্রাসী হামলা, আহত ১০
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা চার রাস্তার মোড় বাজারে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে সাইদুল (২৫), সোহেল (২৮), আনছার (৩৫) ও বাজারের ইজারাদার মো. সখা মিয়াকে (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত-আটজনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজ শিকদারের (৪০) সঙ্গে ছয়হিস্যা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার আওয়ামী লীগ কর্মী আবদুস সালাম মৃধার (৪৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বছরে দুই পক্ষের মধ্যে একাধিক হামলা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই বিরোধের জের ধরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সিরাজ শিকদারের নেতৃত্বে সাত-আটজনের একটি সশস্ত্র দল সালাম-সমর্থিত কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এ সময় ওই বাজারের ইজারাদারসহ ১০ জন আহত হন।
তবে সিরাজ শিকদার দাবি করেন, এ ঘটনায় তিনি ও তাঁর লোকজন জড়িত নয়।