বাউফলে সরকারি গাছ কেটে নিচ্ছেন আওয়ামী লীগের নেতা
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া-দশমিনা সড়কের পাশে বন বিভাগের রোপণ করা তিনটি রেইনট্রিগাছ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ওই নেতার নাম মো. জামাল হোসেন মৃধা। তিনি উপজেলার দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ১০ জনের মতো শ্রমিক গাছ তিনটির ডালপালা কাটার পর গোড়া কাটার প্রস্তুতি নিচ্ছেন। শ্রমিকেরা জানান, তাঁরা জামাল হোসেন মৃধার নির্দেশে গাছগুলো কাটছেন।
জামাল হোসেন মৃধা গাছ কাটার কথা স্বীকার করে বলেন, সরকারি সড়ক তাঁর জায়গার ওপর দিয়ে তৈরি করা হয়েছে। এ কারণে তিনি তিনটি রেইনট্রিগাছ কেটে নিচ্ছেন।
স্থানীয় বন বিভাগ কার্যালয় জানায়, ওই গাছ তিনটি বন বিভাগের রোপণ করা। ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি সড়কের পাশ থেকে জামাল হোসেন গাছগুলো কেটে নিচ্ছেন।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. ইউসুফ মিয়া বলেন, এক মাঠকর্মীকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।