বাউফলে সরকারি চাল বিতরণকালে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে জেলেদের পুনর্বাসন প্রকল্পের চাল বিতরণের সময় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ওই সময় সন্ত্রাসীরা এক নারী ইউপি সদস্য ও তাঁর ছেলেসহ কমপক্ষে ১০ জনকে পিটিয়ে আহত করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ইউপি কার্যালয়ের সামনে জেলেদের পুনর্বাসন প্রকল্পের চাল বিতরণ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুরমায়ূন কবিরের (৪৮) নেতৃত্বে ২৫-৩০ জন চাল কম দেওয়ার অজুহাত দেখিয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এবং একই ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য নাছিমা বেগমের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে তাঁরা নাছিমা বেগম (৪৫) ও তাঁর ছেলে মো. উজ্জ্বলকে (২৫) এলোপাতাড়ি পিটুনি দেয়। ওই সময় ইউপি চেয়ারম্যান মো. আবদুল জব্বার ও অফিস সহকারী জয়নাল আকন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপরও চড়াও হয়। তখন তাঁরা দৌড়ে ইউপি কার্যালয়ের দোতলার একটি কক্ষে আশ্রয় নেন। হামলার কারণে চাল বিতরণ বন্ধ হয়ে যায়। ওই সময় ইউপি সদস্য নাছিমা বেগম, উজ্জ্বল, মোশারেফ ভূইয়া, ফারুক ফকির ও মোশারেফ ফকিরসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাছিমা বেগম অভিযোগ বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমার ও আমার ছেলের ওপর হামলা চালানো হয়েছে এবং আমার ছেলেকে মারধর করে সন্ত্রাসীরা আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।’
ইউপি চেয়ারম্যান মো. আবদুল জব্বার বলেন, ‘আমাকে এবং ওই নারী সদস্যকে মেরে ফেলার জন্য সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’
তবে মো. হুমায়ন কবির দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। চাল কম দেওয়ার কারণে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, পুলিশ নাছিমা বেগমের ছেলে উজ্জ্বলকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।