বাউফলে সাত বছরের শিশুকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের খাসেরহাওলা গ্রামে গতকাল রোববার সকালে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সুইটি আক্তার (৭) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সুইটি খানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুইটির বাবা মো. হারুন মৃধা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের লোকজন সুইটিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রশিদ মৃধার সঙ্গে তাঁর ভাই হালিম মৃধার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল ওই জমি নিয়ে স্থানীয় জাহাঙ্গীর মিয়ার মাধ্যমে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। সকালে রশিদ মৃধা জাহাঙ্গীর মিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হালিম মৃধার ছেলে মো. নুর জামালের (৩৫) নেতৃত্বে তিন-চারজন রশিদ মৃধাকে মারধর করে তাঁদের বাড়ি নিয়ে উঠানে চেয়ারের সঙ্গে বেঁধে রাখেন। আর রশিদ মৃধার ছেলে হারুন মৃধাকে ধরে নিয়ে আসার জন্য ওই বাড়িতে যান হালিম মৃধার লোকজন। বাড়িতে গিয়ে হারুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হলেও তাঁর (হারুন) চিৎকারে সাত বছরের মেয়ে সুইটি ছুটে আসে। এ সময় এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে সুইটি আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. হারুন মৃধা। প্রতিপক্ষ হালিম মৃধা ও তাঁর লোকজন তাঁর মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বলে তিনি দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।