বাউফলে সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে আলেয়া বেগম (৫০) নামের এক নারীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ ও লুট করে নিয়ে যায়।
গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করেছে। নিহত আলেয়া বেগম ওই গ্রামের মো. সুলতান খানের স্ত্রী।
নিহত ব্যক্তির স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। গতকাল সকালে কয়েক শিক্ষার্থী প্রাইভেট পড়তে যায়। কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পায় এবং আলেয়া বেগমের লাশ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে আলেয়া বেগম একাই ঘরে ছিলেন। তবে ঘরের কী কী জিনিস দুর্বৃত্তরা নিয়ে গেছে, তা জানা যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, আলেয়া বেগমের হাত–পা বাঁধা অবস্থায় ছিল। হত্যার কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।