বাউফলে সেই যুবলীগ কর্মীর কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারে খাসজমিতে বসবাসকারী আলাউদ্দিন মোল্লার পরিবারের এক নারী সদস্যকে বেঁধে ও তিন নারীসহ পরিবারের পাঁচ সদস্যকে আটকে রেখে ঘরের চারপাশের টিনের বেড়া ভেঙে ফেলা হয়েছে।
যুবলীগের কর্মী মো. টিপু ও তাঁর লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন আলাউদ্দিন মোল্লার পরিবারের সদস্যরা। টিপু কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের (মিঠু) ছোট ভাই।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা নির্বাক হয়ে তাকিয়ে আছেন। চারপাশে টিপুর লোকজনের আনাগোনা দেখে কথা বলতে রাজি হননি কেউ। পরে কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান (হিরন) ঘটনাস্থলে এলে পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়। পরে তাঁরা কথা বলতে রাজি হন।
আলাউদ্দিন মোল্লার স্ত্রী মজিরন বিবি (৫০) বলেন, ‘বাবা আমাগো থাহনের কোনো জায়গা নাই। হেইয়ার লইগা সরকারি জায়গায় থাহি। এইহানে থাকতে অইলে হ্যারে (টিপু) দেড় লাখ টাহা দিয়া থাকতে অইবে। আমরা এত টাহা পামু কই? হেইয়ার লইগা আমার বড় পোলার বউরে জোর করইয়া তুইলা নিয়া হ্যার দোহানের মধ্যে দড়ি দিয়া বাইনধা রাখছে। আর আমাগো সবাইরে আটকাইয়া রাইখা এই ঘরের বেড়া, মালামাল ভাইঙা হালাইছে। এহন হে বলে দালান করবে।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, এর আগে গত জুনে ওই বাজারের খাসজমিতে রহিম নামের এক ব্যক্তির ঘর দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন টিপু। সেখানেই তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেই কথা হয় টিপুর সঙ্গে।
টিপু বলেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খাসজমিতেই। তবে কারও ঘর দখল করে নয়। কীভাবে খাসজমিতে পাকা ঘর তুললেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি জায়গা খালি পেয়েছি। তাই ঘর তুলে ব্যবসা করছি। অনেকেই করছে।’
চাঁদা দাবি করা, আলাউদ্দিন মোল্লার পরিবারের সদস্যদের বেঁধে ও জিম্মি করে ঘর ভাঙার বিষয়ে টিপু বলেন, চাঁদা দাবি করার বিষয়টি ভিত্তিহীন। ঘর ভাঙার সময় তিনি ছিলেন না। তবে তাঁর লোকজন ছিল।
বাউফল থানার এসআই মো. আবু সায়েম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বেড়া দিয়ে ওই ঘরেই তাঁদের থাকতে বলা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হবে বলে দুই পক্ষই আশ্বাস দেওয়ায় তাঁরা ঘটনাস্থল থেকে ফিরে এসেছেন।
গতকাল প্রথম আলোয় ‘খাসজমির মালিক যুবলীগ কর্মী!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।