বাউফলে সড়কের পাশের সরকারি গাছ কেটে সাবাড়
পটুয়াখালীর বাউফল উপজেলার গোলাবাড়ি-নুরাইনপুর-কালিশুরী সড়কের দুই পাশে সরকারিভাবে লাগানো শতাধিক মেহগনি ও রেইনট্রিগাছ কেটে নিয়ে গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ১২ থেকে ২০ মার্চ পর্যন্ত গাছগুলো কাটা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ওই সড়কের দুই পাশে সরকারিভাবে এলজিইডির অর্থায়নের মেহগনি, রেইনট্রি, কাঁঠাল, নারকেল, আকাশমণি, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। ২০১৫ সালে সড়কটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ রয়েছে, আগে কেউ গাছ কাটলে অভিযোগ করলে বাধা দেওয়া হতো। গাছ জব্দ করা হতো। বর্তমানে গাছ কাটার অভিযোগ করা হলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। এ কারণে স্থানীয় প্রভাবশালী মহল বিনা বাধায় গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই সড়কের জয়নাল ব্যাপারির বাড়ির এলাকা থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশ থেকে গাছগুলো কাটা হয়েছে। পড়ে রয়েছে গাছের গোড়া। তবে গতকাল কাউকে গাছ কাটতে দেখা যায়নি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ মার্চ থেকে স্থানীয় রফিকুল ইসলাম তালুকদার, ফিমাম তালুকদার, জয়নাল আবেদিন, কবির আকনসহ কয়েকজন ওই দেড় কিলোমিটার সড়কের দুই পাশ থেকে বিশাল আকৃতির শতাধিক মেহগনি ও রেইনট্রিগাছ স্থানীয় এক গাছ ব্যবসায়ীর কাছে কয়েক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন।
রফিকুল ইসলাম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সড়কের দুই পাশ থেকে গাছ কাটা হচ্ছে, এটা ঠিক। তবে এ ঘটনার সঙ্গে তিনি কিংবা তাঁর কোনো স্বজন জড়িত না।’
ফিমাম তালুকদার, জয়নাল আবেদিন ও কবির আকন বলেন, তাঁরা অনুমতি নিয়ে তাঁদের লাগানো গাছ কেটে নিয়েছেন। সরকারি গাছ কাটেননি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক গাছ ব্যবসায়ী বলেন, কেটে নেওয়া ওই গাছগুলোর দাম হবে সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা।
মদনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সড়কের পাশে সরকারিভাবে লাগানো গাছ কাটার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ‘সড়কটি একসময় এলজিইডির তত্ত্বাবধানে ছিল। তখন সড়কের দুই পাশে ওই গাছগুলো এলজিইডি রোপণ করেছে এবং দেখভালও করেছে এলজিইডি। বর্তমানে সড়কটি সওজের অধীনে। তাই গাছগুলো দেখভাল করার দায়িত্বও ওই দপ্তরের।’
এ বিষয়ে পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে শুনলাম। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘বিষয়টি সওজ কর্তৃপক্ষের দেখা উচিত। তবু খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’