বাউফলে হত্যা মামলার বাদীকে পিটিয়ে জখম
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি হত্যা মামলার বাদীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত মো. জাকির হোসেনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাকিরের অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য হত্যা মামলার আসামি লিমন ও ইব্রাহিমের নেতৃত্বে আট-দশজনের একটি দল তাঁর ওপর হামলা চালায়।
জাকিরের বোন শাহিনূর বেগম বলেন, চাঁদা না দেওয়ায় গত বছরের ৫ আগস্ট সন্ত্রাসীরা উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামীণফোন টাওয়ার এলাকায় তাঁর স্বামী মো. মনিরকে পিটিয়ে আহত করে। ৯ আগস্ট ঢাকা মেডিকেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় তাঁর ছোট ভাই জাকির হোসেন ১৮ জনের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পটুয়াখালীর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি অসহায়। আসামিদের হুমকির কারণে পালিয়ে বেড়াচ্ছি। এ ছাড়া আমাকে নারী নির্যাতন, অপহরণসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে পালিয়ে মা ও বোনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। যাওয়ার পথে সন্ধ্যা সোয়া সাতটার দিকে আটক করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় মামলার আসামিরা। রাজি না হওয়ায় বেদম মারধর করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। আপনারা আমাকে বাঁচান।’
আসামি লিমন ও ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা মারধর করেননি বলে দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জাকিরকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।