বাউফলে ১০টি দোকান ভাঙচুর মামলা দায়ের
পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের রামলক্ষ্মণ বাজারে গতকাল শুক্রবার সকালে অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়েছে। এ সময় হামলাকারীরা দোকানগুলোতে লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বাজারের প্রায় ২০ কাঠা জমি নিয়ে স্থানীয় লতিফ খান ও বশার সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বছর খানেক আগে লতিফ খান ওই জমিতে ১৫টি দোকানঘর নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেন। বিরোধপূর্ণ এ জমি নিয়ে বাজারে একাধিকবার দুই পক্ষের সালিস বৈঠকও হয়েছে। গতকাল সকাল ছয়টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে দোকানগুলোতে হামলা করে। দুই ঘণ্টার তাণ্ডবে বাজারের নির্মাণাধীন একটি ভবন, সৌরবিদ্যুতের শোরুম, ফার্নিচার দোকান, কম্পিউটারের দোকানসহ অন্তত ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাকসুদুজ্জামান বলেন, এ ঘটনায় লতিফ খান বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।