বাউল আখড়ায় হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার ভোরে পুলিশের দর্শনা তদন্ত কেন্দ্রের সদস্যরা দামুড়হুদা উপজেলার মদনা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করেন।
এই দুজন হলেন মদনা গ্রামের মো. আলাউদ্দিন (২৫) ও নাসির উদ্দিন কালু (২৭)। তাঁদের দুপুরে দামুড়হুদা উপজেলা আমলি আদালতে হাজির করা হলে বিচারক মো. আবদুল হালিম জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে এই দুজনের জড়িত থাকার তথ্য মিলেছে। তাঁর ভাষায়, ‘গোবিন্দপুরের ওই আখড়াবাড়ি ব্যবহার করে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র ফেনসিডিলের ব্যবসা করত। ব্যবসা নিয়ে বিরোধের জেরে ওই হামলার ঘটনা হয়েছে বলে অনেকটা নিশ্চিত হওয়া গেছে।’
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এক পক্ষের দুজনকে ধরা হয়েছে। অপর পক্ষের লোকদের ধরার চেষ্টা চলছে।
গত শুক্রবার রাতে গোবিন্দপুর গ্রামের জুলমত শাহর আখড়াবাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিনজনকে মারধর করে এবং দুজনের মাথার আংশিক চুল কেটে দেয়। এ সময় দুর্বৃত্তরা দুটি বসতঘরে আগুন দেয়।