বাউল আশ্রমের জায়গা বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার হাজরা গ্রামের একটি বাউল আশ্রমের জমি আওয়ামী লীগের স্থানীয় এক নেতা দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আশ্রমের নামে ওয়াকফ করা ৫৮ শতক জমি বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার বংকিরা-হাজরা গ্রামে দুঃখী সাঁইজির সমাধি। এ সমাধি ঘিরে রয়েছে একটি আশ্রম। এটি দুঃখী সাঁইজির আশ্রম হিসেবে পরিচিত।
সম্প্রতি চারদিকে বাঁশের বেড়া দিয়ে ওই জমিটিতে কলার চাষ শুরু করেছেন সাধুহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই জমি বাউলসম্রাট লালন ফকিরের অনুসারী দুঃখী শাহের। জমির সঙ্গেই ছিল তাঁর বসতভিটা।
গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, দুঃখী শাহ দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী পাচিরন নেছার কোনো সন্তান ছিল না। তাঁর মৃত্যুর পর মাজেদা খাতুনকে বিয়ে করেন। মাজেদারও কোনো সন্তান হয়নি। দুঃখী শাহ বাউল সাধনা করতেন। নিজের ৫৮ শতক জমিতে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন।
‘দুঃখী সাঁইজি আশ্রম’ নামে ওই সংগঠনের পরিচালনা কমিটির অন্যতম সদস্য মকবুল হোসেন বলেন, তাঁদের ওস্তাদ দুঃখী শাহ বেঁচে থাকতে সংগঠনটি গড়ে তোলেন। সংগঠনটির নামে বাংলা ১৩৯৬ সনের ২৪ কার্তিক হাজরা গ্রামের আশ্রমের সেই ৫৮ শতক জমি ওয়াকফ করে দেন। মোতোয়ালি করেন মাজেদাকে। বাংলা ১৪০১ সনের ১ অগ্রহায়ণ দুঃখী শাহ মারা যান।
মকবুল হোসেন আরও বলেন, দুঃখী শাহের মৃত্যুর পর স্ত্রী মাজেদা খাতুন সোহরাব হোসেন নামের একজনকে বিয়ে করেন। বাংলা ১৪১৩ সনের ৩ আষাঢ় একটি দলিল হাজির করেন মাজেদা। সে দলিলমূলে আশ্রমের ৫৮ শতক জমি দুঃখী শাহ তাঁকে দান করেছেন বলে দাবি করা হয়।
এ নিয়ে মাজেদা খাতুনের বিরুদ্ধে আশ্রম কমিটি আদালতে মামলা করে। হাইকোর্টে মামলা বিচারাধীন। এরই মধ্যে হাজরা গ্রামের আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বিরোধপূর্ণ জমিটি নিজের নামে লিখে নেন।
সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বলেন, আশ্রমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আশ্রমের ঘরটি নষ্ট হতে চলেছে। এমনকি সাঁইজির সমাধিটিও দখল করে নেওয়া হয়েছে।
শহিদুল ইসলাম বলেন, তিনি টাকা দিয়ে জমিটি ক্রয় করেছেন, জোর করে দখল করেননি।