বাউল উৎসবের আয়োজক খুন: দুজনকে পুলিশে সোপর্দ
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় বাউল উৎসবের প্রধান আয়োজক জাকারিয়া হোসেন ওরফে জাকির খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে এলাকাবাসী তাঁদের আটক করে। গ্রেপ্তার দুজন হলেন, আকন্দবাড়িয়া গ্রামের হঠাৎ পাড়ার আনারুল হক ওরফে টেংরা (২৫) ও ক্লাবপাড়ার বাদল হোসেনের ছেলে রানা (৩০)। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় বাউল উৎসব চলাকালে উৎসবস্থলের কাছেই অনুষ্ঠানের প্রধান আয়োজক জাকারিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হওয়ার পর রোববার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি মুক্তার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান প্রথম আলোকে জানান, পুলিশে সোপর্দ করা দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাল সোমবার আদালতে তোলা হবে। আদালতে এ দুজন ও কারাগারে থাকা মুক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তাঁরা জাকারিয়া খুনের পেছনে আকন্দবাড়িয়া গ্রামকেন্দ্রিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। সামাজিক অনাচার ও অন্যায়ের প্রতিবাদ করায় এ খুনের ঘটনা ঘটতে পারে।