বাউলেরা ফিরলেন ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের একপর্যায়ে ঘরছাড়া মেহেরপুরের গাংনী উপজেলা রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাউলেরা আবার ঘরে ফিরেছেন। গত বুধবার ঢাকা থেকে আসা বাউলশিল্পী ও পুলিশের সহায়তায় তাঁরা গ্রামে ফেরেন।
এরপর বাউল আবু বক্করের বাড়িতে বক্তব্য ও গান পরিবেশন করেন শিল্পী আনুশেহ আনাদিল, বাউল সফি মণ্ডল, লালন গবেষক সাইমন জাকারিয়া, জয়ন্ত হাওলাদার, চুয়াডাঙ্গা জেলা লালন কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুলুন শাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেনসহ স্থানীয় বাউলগুরু ও ভক্তরা।
৩ আগস্ট গ্রামের প্রভাবশালীদের ইন্ধনে বাউলদের নির্যাতন করে, আখড়া ভেঙে দিয়ে তাঁদের জমিতে এবং বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে বাউলসাধনা নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ১১ বাউল তওবা পড়ে গ্রামে থেকে যান। আর ১৯ জন ঘর ছাড়তে বাধ্য হন। গত বুধবার ১৭ দিন ধরে ঘরছাড়া এই ১৯ বাউলদের ঘরে ফেরাতে এবং তওবা পড়ানো ১১ বাউলকে সাধুসংঘে নিতে নেতারা দুপুরে চাঁদপুর যান। এর আগে বাউলদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা গাংনী পৌর মেয়র আহম্মদ আলীর সঙ্গে গাংনী দোয়েল ক্লাবে আলোচনায় বসেন।
বিকেলে পুলিশসহ নেতারা ও বাউলেরা এলাকায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তাঁদের স্বজনেরা। বাউলকন্যা শেফালী খাতুন (৩০) বলেন, ‘সবাইকে পেয়ে পুনর্জন্ম হলো মনে হচ্ছে।’ সন্ধ্যায় মেয়র সেপ্টেম্বরে ওই গ্রামে বাউল উৎসব করবেন বলে ঘোষণা দেন।