বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পল্লিতে বাকপ্রতিবন্ধী তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে তরুণীর বড় ভাই তিন যুবককে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। এরপর থেকে তরুণীর পরিবারটি চাপের মুখে পড়েছে।
ওই তরুণীর স্বজনেরা বলেন, শনিবার সন্ধ্যার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাওয়ার পর ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন মেয়েকে খুঁজতে বের হন। একপর্যায়ে একটি গর্ত থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে ইশারা-ইঙ্গিতে ওই তরুণী পাশবিক নির্যাতনের বর্ণনা দেন।
মেয়েটির পরিবারের লোকজন জানান, তরুণীর ইঙ্গিত অনুসারে প্রতিবেশী তিন যুবক এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাটি গ্রামের মানুষকে জানানো হলেও বিচার করতে কেউ এগিয়ে আসেননি। মামলা করার পর তাঁরা এখন উল্টো চাপের মুখে রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।