বাকপ্রতিবন্ধী স্বামী স্ত্রী ও দুই সন্তানকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধলপুরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাকপ্রতিবন্ধী স্বামী-স্ত্রী ও তাঁদের দুই মেয়েকে ছুরিকাঘাত ও পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তি হলেন গ্যাসের চুলার মিস্ত্রি দুলাল মিয়া (৪৫), তাঁর স্ত্রী রুনা আক্তার (৪০) এবং তাঁদের মেয়ে রিনা আক্তার (১৪) ও ছয় বছরের শিশু ময়না আক্তার। রুনা জুতার কারখানার শ্রমিক।
হাসপাতালে চিকিৎসাধীন রিনা আক্তার প্রথম আলোকে জানায়, তারা যাত্রাবাড়ী থানার কাজলা পাম্পের পাশে থাকে। গতকাল সন্ধ্যায় বাবা, মা ও দুই বোন মিলে ১৪ ধলপুরের বাসিন্দা চান ও বাদশার কাছে পাওনা ৪৮ হাজার টাকা আনতে যান। পাওনা টাকা না দেওয়ায় তারা সেখানে বসে থাকলে চান ও বাদশা তাদের সবাইকে পেটায় ও ছুরিকাঘাত করেন। বাদশা ও চান ওই এলাকার মাদক ব্যবসায়ী।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর প্রথম আলোকে বলেন, বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।