বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, 'মিমাংসার' চেষ্টার পর রাতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘার বড় ছয়ঘটি গ্রামের একটি পুলিশবক্সে আজ রোববার বাকপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা মীমাংসার আশ্বাস দেওয়ার কারণে সারা দিনে এ ঘটনা পুলিশকে জানানো হয়নি। তবে রাত সাড়ে নয়টার পর এই ঘটনায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ছয়ঘটি গ্রামের এক দুস্থ নারীর বাকপ্রতিবন্ধী মেয়ে আজ সকাল ১০টার দিকে গ্রামের বাঘা-লালপুর সড়কের পুলিশ বক্সের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে অনিক (২৫) তাকে জোর করে পুলিশবক্সে নিয়ে ধর্ষণ করেন। বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে ওই তরুণী চিত্কার করতে পারেননি। তবে দূর থেকে কয়েকজন মেয়েটিকে জোর করে পুলিশ বক্সে ঢোকাতে দেখেন। কিছুক্ষণ পর তারা স্থানীয় লোকজন ডেকে ঘটনাস্থলে এলেই অনিক তরুণীকে ফেলে দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনার পরে মেয়ের মা বিষয়টি নিয়ে বাজুবাঘা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের কাছে অভিযোগ করেন। তাঁরা রাতে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তিনি বাড়ি ফিরে যান। তবে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, এ নিয়ে কোনো বৈঠক হয়নি।
আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে তোফাজ্জল হোসেন বলেন, তিনি জানেন, ধর্ষণের ঘটনা সালিসযোগ্য নয়। তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানকে তিনি ঘটনা জানতে পাঠিয়েছেন। ঘটনা সত্যি হলে তারা বিষয়টি থানায় পাঠাবেন।
এ ব্যাপারে সন্ধ্যায় সাতটার দিকে ফজলুর রহমান বলেন, অপর একটি সালিসে থাকার কারণে তিনি সারাদিন বিষয়টি নিয়ে বসতে পারেননি। পরে গিয়ে উভয় পক্ষের কাছে শুনবেন। ঘটনা সত্যি হলে থানায় পাঠাবেন।
এর ঘণ্টাখানেক পরে ফজলুর রহমান বলেন, ঘটনা সত্য। এর উপযুক্ত সাক্ষ্য প্রমাণ রয়েছে। তবে তিনি দাবি করেন, পরিবারের লোকজন মামলা করার চেয়ে স্থানীয় সালিসে বসতে বেশি আগ্রহী।
এ ব্যাপারে মেয়েটির ভাই বলেন, আগে তারা দেখবেন স্থানীয়ভাবে মীমাংসা হয় কি না। কারণ তাদের এলাকায় ‘বাস করতে’ হবে।
মেয়েটির ভাইয়ের কথার ব্যাপারে জানতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘কথাটা বলতে মেয়ের ভাইয়ের “ভাষাগত ভুল” হয়েছে। পরিবেশ এ রকম নয়। তারা যা চায় তাই করা হবে। আসামিও ধরা আছে।’
এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান সন্ধ্যায় বলেন, তাদের কাছে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তা ছাড়াও পুলিশ বক্সে দিনের বেলায় পুলিশ থাকে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাত সাড়ে নয়টার পর খোঁজ নিয়ে জানা গেছে, মেয়েটির ভাই বাদী হয়ে অনিককে আসামি করে মামলা করেছেন।