বাকরুদ্ধ স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে সেনা সদর দপ্তর থেকে একটি ফোন পান সঞ্চিতা হাজং, সেই সঙ্গে চরম দুঃসংবাদটি। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা স্বামী নীলকণ্ঠ হাজং আর নেই।
সেই থেকে বাকরুদ্ধ ছয় মাসের অন্তঃসত্ত্বা সঞ্চিতা হাজং (২৫)। নাওয়া-খাওয়া নেই। বিছানায় পড়ে আছেন। চোখ খুললেই স্বামীর জন্য আহাজারি করছেন। পরক্ষণেই আবার মূর্ছা যাচ্ছেন। সঞ্চিতার মা, ভাইবোন, প্রতিবেশীরা যেন তাঁকে একটু সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।
একই সঙ্গে খবর যায় নীলকণ্ঠ হাজংয়ের বাড়িতেও। কিন্তু তাঁর মাকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ছেলের মৃত্যুসংবাদ জানানো হয়নি। বলা হয়েছে, ছেলে অসুস্থ। এই খবরেই বারবার মূর্ছা যাচ্ছেন নীলকণ্ঠর মা অবন্তি হাজং। ছেলের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন তিনি।
নীলকণ্ঠ হাজংয়ের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গিলাগরা গ্রামে। আর সঞ্চিতা দেবী হাজংয়ের বাবার বাড়ি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোনা গ্রামে। তাঁদের বিয়ে হয় ২০১৩ সালে।
নীলকণ্ঠ হাজং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান ১৮ মে। এর তিন দিন আগে বাড়িতে এসে মা-বাবার আশীর্বাদ নিয়ে যান। সেখানে পৌঁছে আবার ফোন করেন বাড়িতে। বাবাকে জানান নিরাপদে পৌঁছার খবর। এরপর তাঁর ছোট ভাই সঞ্চিতাকে তাঁর বাবার বাড়ি বিশ্বম্ভরপুরের কাইতকোনা গ্রামে বেড়াতে নিয়ে আসেন। সঞ্চিতা হাজং সেখানে থাকা অবস্থায়ই গতকাল স্বামীর মৃত্যুর সংবাদ পান।
নীলকণ্ঠ হাজংয়ের মামা ধরমপাশা উপজেলা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ হাজং জানান, ২০০৩ সালে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন নীলকণ্ঠ। তারা চার ভাই, এক বোন। সকালে তাঁর বাবা রিজেন্দ্র হাজংকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়েছে।