বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল আলম রাকিব। ছবি: ইউএনবি
সাইফুল আলম রাকিব। ছবি: ইউএনবি

চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম সাইফুল আলম রাকিব (২২)। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। বাকলিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, রাতে বাসার সামনের একটি দোকানে গিয়েছিলেন রাকিব। হঠাৎ চার যুবক রাকিবকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল গিয়ে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনো জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে সারা দেশেই ছুরিকাঘাত করে হত্যার ঘটনা বাড়ছে। গত ২৮ মার্চ মানিকগঞ্জ পৌরসভার পৌলি গ্রামে ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্র নিহত হন। ১ এপ্রিল ভোরে দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু গতকাল মারা যান। ১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে আলামিন (২২) নামের বিকাশের এক এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২২ জানুয়ারি রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে ছুরিকাঘাতে আহত হয় যুবক মাইনউদ্দিন (২৪)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রাতে রাতে মারা যায়।