বাকি না দেওয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার রনবিরবালা ঘাটপাড় বাজারে গতকাল মঙ্গলবার যুবলীগের নেতা রবিউল ইসলাম ও তাঁর লোকজন হামলা চালিয়ে গৃহসেবা ইলেকট্রনিকস নামে একটি দোকান ভাঙচুর ও তিনজনকে মারধর করার অভিযোগ উঠেছে। রবিউল রনবিরবালা ঘাটপাড় যুবলীগের আঞ্চলিক কমিটির সভাপতি।

আহত ব্যক্তিরা হলেন শাহীনুর রহমান (৩৯), তৈয়ব আলী (৪৫) ও উৎপল চক্রবর্তী (৩৬)। উপজেলার গোপালপুর গ্রামের সুলতান মাহমুদ এবং আহত এই তিনজন যৌথভাবে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। তাঁরা কিস্তিতে ইলেকট্রনিকসসামগ্রী বিক্রি করেন।

 আহত শাহীনুর বলেন, গত সোমবার সন্ধ্যার পর রনবিরবালা গ্রামের রেজাউল ইসলাম তাঁর দোকান থেকে বাকিতে একটি ফ্রিজ কিনতে আসেন। তিনিসহ তাঁর অপর ব্যবসায়ী অংশীদারেরা বাকিতে ফ্রিজ বিক্রি করতে রাজি না হওয়ায় রেজাউল তাঁদের হুমকি দিয়ে চলে যান। গতকাল সকালে দোকান খোলার পর যুবলীগের নেতা রবিউল, রেজাউল ইসলাম ওরেজাউলেরভাতিজা মাজেদুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে তাঁদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তিনিসহ অপর ব্যবসায়ী অংশীদারেরা বাধা দিলে তাঁদের লাঠি দিয়ে পেটানো হয়। হামলায় তাঁদের দোকানের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁদেরউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রেজাউল গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ঠান্ডু মিয়া নামের তাঁর এক বন্ধু কিস্তিতে একটি ফ্রিজ কিনতে সোমবার সন্ধ্যার পর ওই দোকানে যান। এ সময় বন্ধুর সঙ্গে তিনিও ছিলেন। ঠান্ডুকে ফ্রিজ দিতে রাজি হলেও পরে তাঁরা দেননি। ওই সময় তাঁর সঙ্গে শাহীনুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনুর তাঁকে মারধর করেন। এ কারণে গতকাল তাঁর লোকজন তাঁদের মারধর করেছেন। তবে দোকানে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করার অভিযোগ তিনি অস্বীকার করেন।

রবিউল ওই তিনজনকে প্রহার করে আহত করার কথা স্বীকার করে গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, রেজাউলকে সোমবার রাতে অন্যায়ভাবে শাহীনুর মারধর করায় গতকাল তিনিসহ অপর দুজন তাঁদের মারধর করেছেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।