বাকিতে তেল না দেওয়ায় ফিলিং স্টেশন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকিতে তেল না দেওয়ায় চট্টগ্রামের হাটহাজারী এলাকায় একটি ফিলিং স্টেশনে ভাঙচুর এবং সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে উত্তর জেলা আওয়ামী লীগের এক নেতার অনুসারীদের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার আলাওল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আলাওল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক এনায়েত উল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম গত বৃহস্পতিবার মুঠোফোনে তেল নেওয়ার জন্য লোক পাঠাচ্ছেন বলে তাঁকে জানান। পরে কয়েকজন লোক এসে বাকিতে ১ হাজার লিটার তেল চান। তিনি বাকিতে তেল দিতে চাননি। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনে প্রবেশমুখে দুই ট্রাক বালু ফেলে যান।
এনায়েত উল্লাহ অভিযোগ করেন, শুক্রবার বিকেলে মঞ্জুরুল আলমের ভাগনে আবদুর রহিম ওরফে মুন্না এসে ফিলিং স্টেশনের তেলের মান খারাপ বলে চেঁচামেচি করতে থাকেন। তাঁরা ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। এ ঘটনার পর শুক্রবার রাত আটটা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখেন। বিষয়টি পুলিশকে জানান। পরে রাত একটার দিকে ১০-১২ জন মুখোশধারী লোক এসে স্টেশনের কর্মীদের ওপর হামলা চালান। হামলাকারীরা তেল সরবরাহ মেশিনসহ স্টেশনে ভাঙচুর করেন। পরে ভল্ট ভেঙে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যান।
অভিযোগের বিষয়ে মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। আমার ভাগনে মুন্নার দুটি গাড়ি আছে। সে গাড়ির তেল নিতে স্টেশনে যায়। তার গাড়িতে তেল কম দেওয়া হলে বাগ্বিতণ্ডা হয় স্টেশনটির মালিকপক্ষের সঙ্গে। পরে এর জের ধরে তারা কয়েকজন স্টেশনটিতে পাথর নিক্ষেপ করে। এতে স্টেশনটির অফিসকক্ষের কয়েকটি কাচ ভেঙে যায়।’
এ বিষয়ে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’