বাকিতে পণ্য না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকিতে পণ্য বিক্রি না করায় কয়েকজন ব্যক্তি এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও তাঁর দোকানের মালামাল লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যবসায়ীর নাম অনুকূল দেবনাথ (৩৪)। তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় গতকাল বুধবার লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় সুনছড়া বাজারের সুবর্ণা লাইব্রেরি অ্যান্ড ডিজিটাল স্টুডিওতে একই ইউনিয়নের চিৎলিয়া গ্রামের উমেদ মিয়াসহ (৪২) অজ্ঞাতনামা দুই ব্যক্তি খাতা, কলম, মুঠোফোনের কিছু সিমসহ কিছু পণ্য কিনে টাকা না দিয়ে চলে যেতে চান। এ সময় দোকান-মালিক অনুকূল দেবনাথ বাকিতে কোনো পণ্য বিক্রি করবেন না বলে তাঁদের জানান।
এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে উমেদ মিয়া ধারালো অস্ত্র দিয়ে অনুকূল দেবনাথের ওপর হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর কপাল ও দুই হাত কেটে যায়। এ সময় হামলাকারীরা তাঁর দোকান থেকে ৮ হাজার ৩০০ টাকা, একটি ডিজিটাল ক্যামেরাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করেন। পরে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। রাতেই স্থানীয় লোকজন অনুকূলকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলা ও লুটপাটের অভিযোগের বিষয়ে উমেদ মিয়া বলেন, তিনি অনুকূলের কাছে একটি ছবি রাখার ফ্রেম বাকিতে চেয়েছিলেন। কিন্তু তিনি দিতে রাজি হননি। এ কারণে তিনি ফ্রেম দিয়ে অনুকূলের মাথায় আঘাত করেন। তবে তিনি তাঁর দোকান থেকে কোনো মালামাল ও টাকা লুট করেননি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মিনহাজ উদ্দীন বলেন, অনুকূল দেবনাথের কপালে চারটি সেলাই দিতে হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, অনুকূল দেবনাথের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্তক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।