পাওনা টাকা চাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ক্যানটিন পরিচালকের ভাইকে পিটিয়েছেন ছাত্রলীগের এক কর্মী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ক্যানটিনের পরিচালক বেলাল হোসেন জানান, ছাত্রলীগের কর্মী আবুল খায়ের মোস্তফা ওরফে রিনেটের কাছে বাকির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা। হিসাবের খাতায় উল্লেখ নেই—এমন বাকির পরিমাণও প্রায় পাঁচ হাজার টাকা। এত বড় অঙ্কের টাকা পরিশোধ না করে তিনি এখনো নিয়মিত টাকা ছাড়াই খাচ্ছেন। বৃহস্পতিবার রাতেও তিনি খেতে এসে বাকির খাতায় হিসাব তুলে রাখতে বলেন। এ সময় তাঁর (বেলাল) ছোট ভাই জয়নাল আবেদীন আগের টাকা চাইলে ছাত্রলীগের কর্মী আবুল খায়ের তাঁকে হলের ২৫৪ নম্বর কক্ষে দেখা করতে বলেন।
বেলাল হোসেন বলেন, তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসানকে জানান। খালেদ হাসান কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়ে জয়নালকে আবুল খায়েরের সঙ্গে দেখা করতে বলেন। পরে জয়নাল ওই কক্ষে গেলে আবুল খায়ের তাঁকে বেদম মারধর করে কক্ষ থেকে বের করে দেন।
এ বিষয়ে ছাত্রলীগের নেতা খালেদ হাসান বলেন, তিনি বিষয়টি শোনার জন্য জয়নালকে ওই কক্ষে যেতে বলেছিলেন। তবে সেখানে নিয়ে তাঁকে মারধরের বিষয়ে তিনি কিছুই জানেন না।
আবুল খায়েরের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।